ড
গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতি হওয়া লোহার রড মানিকগঞ্জের সাটুরিয়া থেকে উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা বাজারে এক যুবদল নেতার দোকান থেকে ওই লুণ্ঠিত লোহার রড গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উদ্ধার করা হয়। এ ঘটনায় বৃহষ্পতিবার (০৫ মার্চ) দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের সুনির্দিষ্ট অভিযোগে জয়নাল আবেদীনকে প্রাথমিক সদস্য পদসহ বরাইদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদ থেকে স্বাক্ষরিত নির্দেশনায় বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মানিকগঞ্জ জেলা যুবদল শাখা।
ডাকাতির মালামাল উদ্ধারের ঘটনায় দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার অভিযোগে গত ১ মার্চ রাতে জয়নাল আবেদীনকে কারণ দর্শানোর নোটিশ দেয় সাটুরিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ফরিদ হোসেন। তবে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হওয়ায় আজ বৃহষ্পতিবার (৫ মার্চ) তাকে বহিষ্কার করা হয়।
স্থানীয়রা জানান, সম্প্রতি তার আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণভাবে বিপুল অর্থের জমি কেনা ও সেখানেই ভবন নির্মাণের কাজ চলায় জনমনে নানা প্রশ্ন ছিল। ডাকাত দলের সাথে তার সংশ্লিষ্টতার খবর জানাজানি হওয়ার পর এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্য বিরাজ করছে।
বরাইদ ইউনিয়নের ইউপি সদস্য আবুল হোসেন পুলিশের অভিযান এবং লুণ্ঠিত লোহার রড উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জয়নাল আবেদীন মূলত দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের মিরহাটাইল গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে ছনকা এলাকায় ব্যবসা করছেন। সেই সুবাদে তিনি ভোটার স্থানান্তরও করেছেন।
কালিয়াকৈর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে আসা গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চান্দরায় ১৩ টন লোহার রডবাহী একটি ট্রাক ডাকাত দলের কবলে পড়ে। ডাকাতরা চালককে জিম্মি করে ট্রাকটি নিয়ে যায় এবং পরবর্তীতে চালককে অজ্ঞাত স্থানে ফেলে দেয়। এই ঘটনায় রাজশাহীর তানজেদ আলী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কালিয়াকৈর থানার এস.আই জাহাঙ্গীর আলম জানান, মানিকগঞ্জের বাংলাদেশ হাট এলাকা থেকে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করা হলে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সাটুরিয়ার ছনকা বাজারে অভিযান চালানো হয়। সেখানে বরাইদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের মালিকানাধীন ‘মেসার্স জান্নাত এন্ড খাদিজা এন্টারপ্রাইজ’ থেকে প্রায় ৬ টন লুণ্ঠিত লোহার রড উদ্ধার করা হয়। অভিযানের সময় অভিযুক্ত জয়নাল পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে নিশ্চিত করে মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু জানান, কোন ব্যক্তি যদি সমাজ বা রাষ্ট্রবিরোধী কাজে জড়িত থাকে দল সেই ব্যক্তি দায় দায়িত্ব বহন করবে না। বিগত সময়ে করেনি, এখনো করবে না, আগামীতেও করবে না। দলের ভাবমূর্তি নষ্ট হবে এমন কর্মকাণ্ডে দলের কেউ জড়িত থাকার প্রমাণ পেলে সাংগঠনিক ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: এম আর হোসাইন
Gmail : Infodbcbangla@gmail.com
Phone Number :
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫