মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম।
তিনি সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। জানুয়ারি ২০২৬ মাসে সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে জেলার সব থানার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
গত বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন মানিকগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ সারওয়ার আলম।
পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার, মামলা নিষ্পত্তি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অবদান রাখায় ওসি নজরুল ইসলাম এ স্বীকৃতি অর্জন করেন। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতকরণ ও জনগণের আস্থা অর্জনে তার নেতৃত্বগুণ সহকর্মীদের মধ্যে প্রশংসিত হয়েছে।
একই অনুষ্ঠানে বিভিন্ন মাদক উদ্ধার, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ও মামলা নিষ্পত্তিতে বিশেষ কৃতিত্বের জন্য সাটুরিয়া থানার এসআই (নিঃ) মিঠুন কুমার দাস শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সাদিয়া সাবরিনা চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কেল ফাহিম আসজাদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার সিংগাইর সার্কেলসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বিপিএম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে মানিকগঞ্জে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এ ক্ষেত্রে অন্যান্য বাহিনীর পাশাপাশি জেলার সকল পুলিশ সদস্য দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় অনুভূতি প্রকাশ করে মো. নজরুল ইসলাম বলেন, “এ ধরনের সম্মাননা পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহ যোগায় এবং জনগণের সেবায় নিজেকে আরও নিবেদিত করতে অনুপ্রাণিত করে।”