বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতার মাতা হুরুন নাহার রশিদের রুহের মাগফিরাত কামনায় সাটুরিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) সাটুরিয়া শাখার উদ্যোগে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে এই মাহফিল আয়োজন করা হয়।
পবিত্র কোরআনখানি ও বিশেষ এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন। ইসলামিক ফাউন্ডেশন সাটুরিয়া শাখার ফিল্ড সুপারভাইজার মো. মাইনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুর রহমান এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আমীর হামজা।
অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ধর্মীয় শিক্ষক ও ওলামায়ে কেরাম অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন মডেল মসজিদের কেয়ারটেকার মাওলানা মো. হাবিবুল্লাহ, মডেল মসজিদের ইমাম মুফতি মাসুদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, মন্ত্রী আফরোজা খানম রিতার মাতা হুরুন নাহার রশিদ গত রোববার (১ মার্চ) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তিনি দেশের প্রথিতযশা শিল্পোদ্যোক্তা, মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা ও সাবেক মন্ত্রী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিণী। তাঁর জ্যেষ্ঠ কন্যা আফরোজা খানম রিতা মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির আহ্বায়ক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন।
দোয়া মাহফিলে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদাউস কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।